মামুন আলী ঝিনাইদহ সদর উপজেলা প্রতিনিধি:

আগামী ৩১ অক্টোবর ২০২৬ তারিখে ১১ দলীয় ঐক্য জোটের ঘোষিত ঢাকা–খুলনা–কুষ্টিয়া লংমার্চ সফল করার লক্ষ্যে ঝিনাইদহ সদর উপজেলার ৪নং হলিধানী ইউনিয়নে বাংলাদেশ জামাতে ইসলামী হলিধানী ইউনিয়ন শাখার নেতাকর্মীদের উদ্যোগে ব্যাপক মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) হলিধানী মাধ্যমিক বিদ্যালয় থেকে শুরু হওয়া মোটরসাইকেল শোডাউনটি নাটাবাড়িয়া, কাশিপুর, রাজনগর, বেড়াদি, কোলা, শালিয়া, রতনপুর, সোনার দাড়ি, বাঁশের দাড়ি, গাড়ামারা, রামচন্দ্রপুর ও প্রতাপপুরসহ ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও জনপদ প্রদক্ষিণ করে পুনরায় হলিধানী বাজারে এসে শেষ হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী হলিধানী ইউনিয়ন শাখার আমির ডাক্তার জাকির হোসেন, ইউনিয়ন সেক্রেটারি মোহাম্মদ সমিদুল ইসলাম, ঝিনাইদহ সদর থানা যুব বিভাগের সেক্রেটারি নাজমুল হোসেনসহ স্থানীয় নেতাকর্মী ও ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার জনগণ।

শোডাউন শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী হলিধানী ইউনিয়ন শাখার আমির ডাক্তার জাকির হোসেন এবং ইউনিয়ন সেক্রেটারি মোহাম্মদ সমিদুল ইসলাম।

কর্মসূচির আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আসন্ন লংমার্চের দাবিগুলো সাধারণ মানুষের কাছে তুলে ধরা, জনসচেতনতা সৃষ্টি এবং তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করাই ছিল এই শোডাউনের মূল উদ্দেশ্য।

লংমার্চের উল্লেখযোগ্য দাবিগুলোর মধ্যে রয়েছে গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার সুষ্ঠু বিচার, বিদ্যুৎ, জ্বালানি তেল, গ্যাস ও সারের সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ এবং দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ।

বিভিন্ন গ্রাম ও গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে হলিধানী বাজারে কর্মসূচির সমাপ্তি ঘটে।