শাহ্ পারভেজ সংগ্রাম,গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধা সদর উপজেলায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে ঘাঘট নদীতে গোসল করতে নেমে নিয়ন হুদা (৪০) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের কাজলডোপ এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিখোঁজ নিয়ন হুদা গাইবান্ধা শহরের পশ্চিমপাড়া এলাকার মোয়াজ্জেম হোসেনের ছেলে এবং তিনি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শারদীয় দুর্গাপূজার ছুটিতে সম্প্রতি ঢাকা থেকে নিজ বাড়ি গাইবান্ধায় আসেন নিয়ন। বুধবার তিনি সদর উপজেলার কাজলডোপ এলাকায় তাঁর বড় ভায়রা মাকসুদের বাড়িতে বেড়াতে যান। বৃহস্পতিবার দুপুরে নিয়নসহ মোট চারজন মিলে বাড়ির পাশে ঘাঘট নদীতে গোসল করতে নামেন। সাঁতার কাটা শেষে তিনজায় তীরে উঠে আসলেও নিয়ন হুদা নদীতে তলিয়ে যান। এরপর স্বজনেরা অনেক খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি।
নিখোঁজ নিয়নের স্বজন মনিরুল হক সজিব জানান,পূজার ছুটিতে বাড়িতে এসে বড় ভায়রার বাসায় দাওয়াত খেতে গিয়েছিলেন নিয়ন। চারজন একসাথে নদীতে গোসল করতে নেমেছিল। তিনজন উঠে এলেও নিয়ন আর ফিরে আসেনি। এরপর থেকে তাঁর কোনো খোঁজ মিলছে না।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গাইবান্ধা সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রিফাত আল মামুন জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পানির গভীরতা ও উদ্ধার কার্যক্রম জোরদার করতে রংপুরের ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছালেই নদীতে উদ্ধার অভিযান জোরদার করা হবে।
এদিকে আত্মীয়ের বাড়িতে আনন্দ করতে এসে ঘাঘট নদীতে গোসল করতে নেমে যুবক নিখোঁজ হওয়ার খবরে পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। প্রিয়জনকে ফিরে পেতে নদীর তীরে অপেক্ষার প্রহর গুনছেন স্বজনেরা।